পবিত্র রমজান মাস মুসলিম উম্মাহর ‘মহা বিজয়ের মাস’ হিসেবেও স্বীকৃত। নবুয়তের যুগে ঐতিহাসিক বদর যুদ্ধের মাধ্যমে এই মাসেই ইসলামের প্রথম বিজয় এসেছিল। রমজানেই মক্কা বিজয়ের মাধ্যমে চূর্ণ হয়েছিল আরবের দীর্ঘদিনের পুঞ্জীভূত পৌত্তলিকতা।
খেলাফতের যুগে পারস্য বিজয়ের অন্যতম সোপান কাদিসিয়া যুদ্ধ কিংবা পরবর্তীকালে তাতারদের দর্প চূর্ণকারী আইন জালুত যুদ্ধ—সবই ছিল রমজানের অমর উপাখ্যান।
তবে এই সোনালি ইতিহাসের পাতায় ‘আন্দালুস’ বা স্পেন বিজয়ের গল্পটি সবচেয়ে বিয়োগান্তক। ৯১ হিজরির পহেলা রমজানে একটি ছোট এবং সতর্ক সামরিক অভিযানের মাধ্যমে যে পথচলা শুরু হয়েছিল, তা পরবর্তী ৮০০ বছর ইউরোপের বুকে মুসলিম সভ্যতার বাতিঘর হয়ে জ্বলেছিল।
মুসা ইবনে নুসাইরের দূরদর্শিতা
আফ্রিকায় ইসলামি শাসন সুসংহত হওয়ার পর মুসলিম সেনাপতি মুসা ইবনে নুসাইরের দৃষ্টি পড়ে ভূমধ্যসাগরের ওপারের ভূখণ্ড আন্দালুসের দিকে। তৎকালীন আন্দালুস ছিল গথিক রাজা ‘লড্রিক’-এর (Loderick) শাসনাধীন।
লড্রিকের জুলুম, মাত্রাতিরিক্ত কর এবং দাসত্বে সাধারণ মানুষ ছিল অতিষ্ঠ। ঠিক সেই সময়ে স্পেনের সেউটা (Ceuta) অঞ্চলের গভর্নর জুলিয়ান রাজা রড্রিকের ওপর ব্যক্তিগত প্রতিশোধ নেওয়ার জন্য (তার কন্যার শ্লীলতাহানির কারণে) মুসলিমদের সাহায্য প্রার্থনা করেন।
সুযোগটি চমৎকার হলেও মুসা ইবনে নুসাইর কোনো হঠকারী সিদ্ধান্ত নেননি। তিনি উমাইয়া খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের অনুমতি চাইলেন। খলিফা সতর্ক বার্তা পাঠিয়ে লিখলেন, “প্রথমে ছোট ছোট সেনাদল পাঠিয়ে ভূমিটি পরীক্ষা করো। উত্তাল সমুদ্রের ঢেউয়ের মুখে মুসলিমদের জীবনকে ঝুঁকিতে ফেলো না।”