২০২৪ সালের জুলাই বিপ্লবের বীর শহীদদের স্মরণে এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় শহীদদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা।
মঙ্গলবার (১ জুলাই) বগুড়া শহরের নামাজগড় আঞ্জুমান-ই-ইসলামিয়া কবরস্থানে জুলাই বিপ্লবের শহীদ জুনায়েদ ইসলাম রাতুল, সিয়াম শুভ ও শিমুলের কবর জিয়ারত করা হয়। এ সময় তাঁদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিপির বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এবং জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও বগুড়া জেলা আহ্বায়ক এ এম জেড শাহরিয়ার। আরও উপস্থিত ছিলেন এনসিপি বগুড়া জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসী জ্বীম, দপ্তর সম্পাদক মাইনুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব আবদুস সবুর সুমন এবং সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান দিপুসহ জেলা নেতৃবৃন্দ।
জাতীয় ছাত্রশক্তির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সদস্য সচিব মোহাম্মদ সৈকত আলী, যুগ্ম সদস্য সচিব মোবাশ্বির করিম রিহান, যুগ্ম সদস্য সচিব মাহমুদুন্নবি মারুফ, সংগঠক ওয়ালিউর রহমান রোহান, আহসান হাবিব তানিম, রিসান, শাহরিয়ার সিমান্ত, শাহীন ইসলাম মুন্নাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।
জিয়ারত শেষে নেতৃবৃন্দ বলেন, “জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যেতে দেওয়া হবে না। একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন নিয়ে ছাত্র-জনতা জীবন উৎসর্গ করেছেন, সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।”
পরে শহীদদের রুহের মাগফিরাত এবং জুলাই আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এনসিএন প্রতিবেদন 






















