শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার আলাদিপুর বালুপাড়া এলাকায় একটি ইটভাটার ভেতরে থাকা পুকুর থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, আলাদিপুরে অবস্থিত এসএনসি কনস্ট্রাকশন ইটভাটার ভেতরে অন্তত ৪টি ড্রেজার মেশিন দিয়ে দিন-রাত বালু উত্তোলন চলছে। প্রায় ১৫ একর এলাকা জুড়ে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
অভিযোগ রয়েছে, এই অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হাসান, লিটন ও লেমন নামের কয়েকজন ব্যক্তি প্রভাব খাটিয়ে নির্বিঘ্নে বালু উত্তোলন চালিয়ে যাচ্ছেন। এতে আশপাশের আবাদি জমি, বসতভিটা ও পরিবেশ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।
এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে স্থানীয় দুই সাংবাদিককে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের দাবি, সাবেক ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকের ছেলে লেমন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “এখানে কোনো সাংবাদিক আসতে পারবে না।” এ ঘটনায় গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। প্রশাসনের নীরবতায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
এলাকাবাসী দ্রুত অবৈধ বালু উত্তোলন বন্ধসহ জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।