বিশ্বজুড়ে চলমান জ্বালানি সংকটের প্রভাব বাংলাদেশেও পড়েছে—এ কথা স্বীকার করলেও জনগণের ভোগান্তি কমাতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শনিবার (১১ এপ্রিল) যশোর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি খাতে চাপ তৈরি হলেও সরকার পরিস্থিতি মোকাবিলায় সক্রিয় রয়েছে।
তিনি বলেন, বর্তমানে ইরিগেশন মৌসুম চলায় কৃষকদের প্রয়োজনীয়তা বিবেচনায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। কৃষকরা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন, সেজন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে কাজ করছে সরকার।
প্রতিমন্ত্রী আরও জানান, আগামী ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর সফরে আসবেন। এ সফরকে কেবল আনুষ্ঠানিক নয়, বরং উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনের সূচনা হিসেবে দেখছেন তিনি। তার ভাষায়, দীর্ঘদিন ধরে যশোরে থমকে থাকা উন্নয়ন কার্যক্রম আবারও গতি পাবে এই সফরের মাধ্যমে।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে খনন করা উলাশী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি যশোর মেডিকেল কলেজের ৫০০ শয্যার হাসপাতালেরও উদ্বোধন করা হবে, যা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে প্রতিষ্ঠিত।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে প্রশাসনিক প্রস্তুতিও জোরদার করা হয়েছে। এ উপলক্ষে যশোর কালেক্টরেট সভাকক্ষে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন প্রতিমন্ত্রী। সভায় স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) সদস্যরাও উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী শার্শা উপজেলার উলাশী খাল পুনঃখনন কার্যক্রম ঘুরে দেখেন এবং কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
সরকারের এমন উদ্যোগে জ্বালানি সংকট মোকাবিলার পাশাপাশি কৃষি ও উন্নয়ন কার্যক্রমে গতি আসবে বলে আশা করা হচ্ছে।