রাজধানীর মিরপুরে একটি বাসায় সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে তিনজন সরাসরি ডাকাতিতে অংশ নিয়েছেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে মিরপুর মডেল থানা-পুলিশ ও ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) সাইবার দক্ষিণের যৌথ অভিযানে রাজধানীর পল্লবী, আশুলিয়ার জিরাবো এবং সাভারের ভাকুর্তা ইউনিয়নের মুণ্ডরীখোলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— মো. মাসুদ মিয়া (৩১), মো. ইমরান হাওলাদার (২৯), মো. সুমন (৩৯), আনিছুর রহমান ওরফে নবী হোসেন (৪৫) ও সজীব (৩২)।
ডিবি সাইবার দক্ষিণের অতিরিক্ত উপকমিশনার মো. সুমন মিয়া জানান, গত ১০ মার্চ দুপুরে মিরপুরের দক্ষিণ মনিপুর এলাকার একটি বাসায় সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় একদল ডাকাত বাসায় ঢুকে বাসিন্দাদের বেঁধে রেখে ভয়ভীতি প্রদর্শন করে এবং মূল্যবান মালামাল লুট করে নেয়। পরে ভুক্তভোগী পরিবার মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করে।
তদন্তে উঠে আসে, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে ডাকাতি করে আসছিল। তাদের মধ্যে মাসুদ মিয়াকে এই ডাকাতির মূল পরিকল্পনাকারী হিসেবে শনাক্ত করা হয়েছে। ঘটনার দিন ডাকাত দলের সদস্যরা কাজীপাড়া এলাকায় জড়ো হয়ে পূর্বপরিকল্পনা অনুযায়ী বাসাটিতে প্রবেশ করে এবং নির্দিষ্ট সময় ধরে লুটপাট চালায়।
ডিএমপি মিরপুর বিভাগের উপকমিশনার মো. মোস্তাক সরকার জানান, ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করা হয়। পরে ধারাবাহিক অভিযানে প্রথমে ইমরান হাওলাদার ও সজীবকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আশুলিয়া থেকে মাসুদ মিয়া এবং সাভার থেকে সুমন ও আনিছুর রহমানকে আটক করা হয়। এ সময় লুট করা মালামালের কিছু অংশও উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।