পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু জানিয়েছেন, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই; বরং কিছু অসাধু ব্যবসায়ী ও অপ্রয়োজনীয় আতঙ্কের কারণেই বাজারে অস্থিরতা তৈরি হচ্ছে।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলা ভূমি অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশের কৃষিখাত সবচেয়ে বেশি ডিজেলের ওপর নির্ভরশীল। তাই কৃষকদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে তেলের সরবরাহ নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। যাতে কৃষকসহ সাধারণ মানুষ কোনো ধরনের সংকটে না পড়েন, সে বিষয়ে সরকার অত্যন্ত সতর্ক রয়েছে।
তবে তিনি অভিযোগ করেন, কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যেও এক ধরনের আতঙ্ক কাজ করছে, যার ফলে প্রয়োজনের চেয়ে বেশি তেল কেনার প্রবণতা দেখা যাচ্ছে। এতে সরবরাহ ব্যবস্থায় সাময়িক চাপ তৈরি হচ্ছে।
বিশ্ব পরিস্থিতির প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে বৈশ্বিক প্রেক্ষাপটে যুদ্ধাবস্থা বিরাজ করছে, যার প্রভাব জ্বালানি বাজারেও পড়েছে। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলের অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। তবে সরকার পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে এবং জনগণকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানাচ্ছে।
তিনি আরও বলেন, নির্বাচিত প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি নিয়মিত নিজ নির্বাচনী এলাকায় গিয়ে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করছেন। এদিন তিনি সালথা ও নগরকান্দা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং সরকারি দপ্তর ঘুরে দেখেন।
বিশেষ করে কারিগরি শিক্ষার উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকার কাজ করছে বলে উল্লেখ করেন তিনি। অতীতের অবহেলার কারণে এসব খাত পিছিয়ে পড়েছিল বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
এর আগে তিনি নগরকান্দা উপজেলা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, সালথা সরকারি টিটিসি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থাপনা এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পাটের গুদাম পরিদর্শন করেন।
এ সময় প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিত্বসহ স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।