আব্দুল গফুর, নন্দিগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জাতীয় সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: মোশারফ হোসেন বলেছেন, “যে অনুষ্ঠান পরিবার নিয়ে উপভোগ করা যায় না, সেই ধরনের অনুষ্ঠান বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে চলতে দেওয়া হবে না। আমাদের লক্ষ্য সুস্থ, সুন্দর ও পারিবারিক মূল্যবোধসম্পন্ন সংস্কৃতির বিকাশ।”
তিনি বলেন, সমাজ ও আগামী প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে ইতিবাচক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। অশালীনতা, কুরুচিপূর্ণ উপস্থাপনা কিংবা সামাজিক মূল্যবোধবিরোধী কর্মকাণ্ডকে প্রশ্রয় না দিয়ে পরিবারকেন্দ্রিক বিনোদন ও সংস্কৃতির বিকাশে সবাইকে একযোগে কাজ করতে হবে।
এমপি মোশারফ হোসেন আরও বলেন, কাহালু ও নন্দীগ্রামের মানুষের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থেকে সকল আয়োজন পরিচালিত হওয়া উচিত। এমন সাংস্কৃতিক পরিবেশ গড়ে তুলতে হবে, যেখানে শিশু, কিশোর, তরুণ ও অভিভাবকরা একসঙ্গে অংশ নিতে পারেন এবং ইতিবাচক বার্তা গ্রহণ করতে পারেন।
তিনি সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে একটি আদর্শ সমাজ গঠনে সকল সাংস্কৃতিক সংগঠন, সামাজিক প্রতিষ্ঠান ও সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান।