ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কদমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে গ্যাসলাইটার তৈরির একটি কারখানা পুড়ে ছাই হয়ে গেছে। এই মর্মান্তিক ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।
শনিবার (৪ এপ্রিল) ঘটনাস্থল পরিদর্শন শেষে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে ২ লাখ টাকা এবং আহত ও চিকিৎসাধীন শ্রমিকদের চিকিৎসার জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হবে।
অগ্নিকাণ্ডে ধ্বংসস্তূপে পরিণত হওয়া কারখানাটি সরেজমিনে ঘুরে দেখেন মন্ত্রী। এ সময় তিনি ক্ষয়ক্ষতির চিত্র পর্যবেক্ষণ করেন এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। নিহত ও আহত শ্রমিকদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান তিনি।
কারখানা পরিদর্শনের পর মন্ত্রী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ গিয়ে চিকিৎসাধীন দগ্ধ শ্রমিকদের খোঁজখবর নেন। তাদের চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দেন এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
শ্রমিকদের সহায়তায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন-এর তহবিল থেকে এই আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি।
এদিকে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দায়ীদের চিহ্নিত করতে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবের নেতৃত্বে গঠিত এই কমিটিকে ৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি ঢাকা জেলা প্রশাসককেও পৃথক তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। কোনো অবহেলার কারণে যেন শ্রমিকদের জীবন ঝুঁকিতে না পড়ে, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
ভয়াবহ এই অগ্নিকাণ্ড শুধু একটি কারখানাকে নয়, বহু পরিবারের স্বপ্নকেও ছাই করে দিয়েছে। তবে সরকারের এই সহায়তা ও উদ্যোগ কিছুটা হলেও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছে।