বগুড়ার সেউজগাড়ী আমতলা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
শনিবার (১৩ জুন) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেনের নেতৃত্বে সেউজগাড়ী আমতলা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে।
অভিযান চলাকালে সন্দেহভাজন হিসেবে এক ব্যক্তিকে তল্লাশি করা হলে তার কাছ থেকে ১০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
আটক ব্যক্তি হলেন মো. মজনু (২৭)। তিনি বগুড়ার শেরপুর উপজেলার উত্তর সাহাপাড়া এলাকার মো. বুদা শেখের ছেলে।
বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. জিললুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মজনু মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তবে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এ বিষয়ে আরও তথ্য জানা যাবে। তার বিরুদ্ধে পূর্বে কোনো মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, বগুড়া সিটি করপোরেশনসহ জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।