বগুড়ার শাজাহানপুরে ধানবোঝাই ট্রাকের চাপায় আরিফ (৪০) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আরিফ উপজেলার মাঝিড়া ইউনিয়নের সাজাপুর পূর্বপাড়া গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মাঝিড়া-বীরগ্রাম আঞ্চলিক সড়কে (খরনা কামারপাড়া) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আরিফ মোটরসাইকেলযোগে সড়ক দিয়ে যাওয়ার সময় একটি ধানবোঝাই ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। সংঘর্ষের একপর্যায়ে মোটরসাইকেলটি ট্রাকের নিচে চলে গেলে তিনি ট্রাকের চাকার নিচে পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও শাজাহানপুর থানা পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল জানিয়েছেন, দুর্ঘটনার সঙ্গে জড়িত ধানবোঝাই ট্রাকটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।