বরিশালের মুলাদী উপজেলায় এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ডিজেল ও সরকারি চাল জব্দ করেছে প্রশাসন, যা স্থানীয়ভাবে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে চরকালেখান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সুমন ঘরামীর দক্ষিণ গাছুয়া গ্রামের বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সুমন ঘরামী ও তার ভাই বাচ্চু আলমের কাছে অবৈধভাবে ডিজেল মজুদের গোপন সংবাদ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) পরাগ সাহার নেতৃত্বে মুলাদী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়।
অভিযানকালে সুমন ঘরামীর বাড়ির সামনে থেকে ২০০ লিটার ডিজেল ও এক টন সরকারি চাল জব্দ করা হয়। একইসঙ্গে তার ভাই বাচ্চু আলমের গরুর খামার থেকে আরও ৬০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাচ্চু আলমকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
সরকারি চালের বিষয়ে চরকালেখান ইউনিয়নের চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম সরদার জানান, একজন ইউপি সদস্যের কাছে সরকারি চাল থাকা অস্বাভাবিক এবং এ বিষয়ে তার কোনো পূর্ব ধারণা নেই।
অভিযানের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) পরাগ সাহা বলেন, সুমন ঘরামী ও তার ভাই ডিজেল মজুদের বিষয়টি স্বীকার করেছেন। তবে সুমন ঘরামী দাবি করেছেন, জব্দ করা চাল তিনি কিনে রেখেছেন। প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম সরওয়ার জানান, জব্দকৃত ডিজেল ন্যায্যমূল্যে বিক্রির উদ্যোগ নেওয়া হবে এবং চালের উৎস সম্পর্কে তদন্ত চলছে। প্রমাণ না পেলে সংশ্লিষ্ট ইউপি সদস্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।