বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের পেংহাজারকি পূর্বপাড়া গ্রামের বাসিন্দা ইয়াকুব আলীর ছেলে আব্দুর রহেন দীর্ঘদিন ধরে দিনমজুরের কাজ করে স্ত্রী, সন্তান ও বৃদ্ধ পিতা-মাতাকে নিয়ে সংসার চালিয়ে আসছিলেন। কিন্তু হঠাৎ এক দুর্ঘটনায় তার পরিবারের জীবনে নেমে আসে চরম দুর্ভোগ।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২০ দিন আগে পেংহাজারকি কালানি বাজার এলাকায় অসাবধানতাবশত ট্রলি থেকে পড়ে চাকায় পৃষ্ঠ হয়ে গুরুতর আহত হন আব্দুর রহেন। দুর্ঘটনায় তার শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত লাগে। বর্তমানে তিনি চিকিৎসাধীন থাকায় কোনো ধরনের কাজ করতে পারছেন না।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি কর্মক্ষমতা হারিয়ে ফেলায় স্ত্রী-সন্তান ও বৃদ্ধ পিতা-মাতাকে নিয়ে পরিবারটি মানবেতর জীবনযাপনের মুখোমুখি হয়। সংসারের নিত্যপ্রয়োজনীয় খরচ, চিকিৎসা ব্যয় এবং দৈনন্দিন জীবনযাত্রা চালানো তাদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ে।
এমন অবস্থায় খবর পেয়ে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন ১নং বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া। তিনি আহত রহেনের বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি চিকিৎসা ও সংসার পরিচালনার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া বলেন, মানুষের বিপদে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। রহেন আলীর পরিবারের কষ্টের কথা জানতে পেরে আমি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত থাকবে।