কুষ্টিয়ার খোকসার গড়াই নদীতে চার শিশু গোসল করতে নেমে দুজন নিখোঁজ রয়েছে। অন্য দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) দুপুরে খোকসার ওসমানপুর গড়াই নদীর খেয়াঘাটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ শিশুরা হলো- খোকসার ওসমানপুর গ্রামের ফারুক হোসেনের মেয়ে তাইবা খাতুন (৮) ও সোহেলের মেয়ে সুরাইয়া খাতুন (৮)।
জানা গেছে, শনিবার দুপুরে গড়াই নদীতে গোসল করতে নামে চার শিশু তাইবা খাতুন, সুরাইয়া খাতুন, সামিয়া ও সুমাইয়া খাতুন। তাদের কেউই সাঁতার না জানায় গোসলের সময় গভীর পানিতে গিয়ে হাবুডুবু খেতে থাকে। এ সময় খেয়া ঘাটের মাঝি আব্দুর রশিদ সামিয়া ও সুমাইয়া নামের দুই শিশুকে উদ্ধার করতে সক্ষম হলেও অপর দুজন নিখোঁজ রয়েছে।
খোকসা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) আলতাফ হোসেন জানান, দুজন শিশুকে জীবিত উদ্ধার করা গেলেও অপর দুজনকে পাওয়া যায়নি। খুলনা থেকে ডুবুরি দল আসার পর পুনরায় উদ্ধার কাজ শুরু হবে।