বগুড়ার আদমদীঘির সান্তাহারে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়ে প্রশংসা কুড়াচ্ছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা। জ্বালানি তেল সরবরাহে শৃঙ্খলা ফেরাতে তিনি নিজেই ফিলিং স্টেশনে উপস্থিত থেকে তদারকি করেন।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সান্তাহারের আনিকা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তিনি। এ সময় সেখানে জ্বালানি তেলের কোনো অবৈধ মজুদ নেই তা নিশ্চিত করা হয়। পরে পেট্রোলবাহী গাড়ি স্টেশনে পৌঁছালে প্রায় দুই ঘণ্টা তিনি নিজে দাঁড়িয়ে তেল সরবরাহ কার্যক্রম তদারকি করেন।
অভিযান চলাকালে মোটরসাইকেল চালকদের হেলমেট, ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে তেল সরবরাহ করা হয়। যাদের কাগজপত্রে ত্রুটি ছিল বা যেসব যানবাহনে ইতোমধ্যে ৫ লিটারের বেশি তেল ছিল, তাদের তেল দেওয়া হয়নি। পরবর্তীতে তিনি হামীম পেট্রোল পাম্পেও তেল সরবরাহ নিশ্চিত করেন।
এ সময় ফিলিং স্টেশনে শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থান নেওয়া হয়। বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে দুই যুবককে মুচলেকা নিয়ে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয়রা জানান, একজন নারী কর্মকর্তা হিসেবে গভীর রাত পর্যন্ত নিজে উপস্থিত থেকে এভাবে সেবা নিশ্চিত করা অত্যন্ত প্রশংসনীয়। তারা মনে করেন, এ ধরনের উদ্যোগ চালু থাকলে তেল সরবরাহে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় থাকবে।
তেল নিতে আসা মোমিনুল ইসলাম, সাজেদুর রহমান ও আতাউর রহমানসহ একাধিক মোটরসাইকেল আরোহী প্রশাসনের এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন। তাদের মতে, এমন ব্যবস্থা চালু থাকলে সবাই সমানভাবে তেল পাবে এবং জনসচেতনতা বাড়বে।