আশি-নব্বইয়ের দশকে বাংলা ব্যান্ডের বহু জনপ্রিয় গানের সঙ্গে যার নাম জড়িয়ে আছে, তিনি শহীদ মাহমুদ জঙ্গী। ‘সোলস’, ‘রেনেসাঁ’, ‘এলআরবি’ ছাড়াও তিনি গান লিখেছেন অনেক একক শিল্পীর জন্য। ‘হৃদয় কাদামাটির মূর্তি নয়’, ‘আজ যে শিশু পৃথিবীর আলোয় এসেছে’, ‘একদিন ঘুমভাঙা শহরে’, ‘সময় যেন কাটে না’, ‘কী জানি কী এক দিন ছিল’, ‘আমি ভুলে যাই তুমি আমার নও’র মতো কালজয়ী অনেক গান তার লেখা।
কিংবদন্তি এই গীতিকবির ৭০তম জন্মবার্ষিকী আগামী বছরের ফেব্রুয়ারিতে। গান ও আড্ডায় এই গীতিকারের সাত দশকের জীবন পরিক্রমা উদযাপনের পরিকল্পনা নেয়া হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) ‘আপন আলোয় শহীদ মাহমুদ জঙ্গী: গানে গানে সত্তর’ শীর্ষক এই অনুষ্ঠান আয়োজন করেছে আজব কারখানা।
আজব কারখানার কর্ণধার ও সংগীতশিল্পী জয় শাহরিয়ার যমুনা নিউজকে জানিয়েছেন, ধানমন্ডির রাশান হাউসে ওইদিন বিকেল ৫টায় শুরু হবে আয়োজন।
সূচনা বক্তব্য এবং গীতিকবিকে নিয়ে অতিথিদের আলাপের পর মোড়ক উন্মোচন করা হবে ‘আপন আলোয় শহীদ মাহমুদ জঙ্গী: গানে গানে সত্তর’ নামের স্মৃতিচারণা গ্রন্থের। জয় শাহরিয়ারের সম্পাদনায় এই গ্রন্থে গীতিকারকে নিয়ে স্মৃতিচারণা করেছেন নকীব খান, ফোয়াদ নাসের বাবু, কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী, পার্থ বড়ুয়া, লিটন অধিকারী রিন্টুসহ অনেকে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শহীদ মাহমুদ জঙ্গীর লেখা গান পরিবেশন করবেন সোলস, রেনেসাঁ, রফিকুল আলম, সামিনা চৌধুরী, নাসীম আলী খান প্রজেক্ট, বাপ্পা মজুমদার, পান্থ কানাই, জয় শাহরিয়ার, সুমন কল্যাণ, কিশোর দাশ, নিশীথ সূর্য ও লার্ন গিটার উইথ আসাদের শিশু শিল্পীরা।
তবে অনুষ্ঠানটি শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য।