রাজশাহীর দুর্গাপুর উপজেলায় সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) সকালে উপজেলার আলিপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু।
সূত্রে জানা যায়, এক বিক্রেতা সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রি করছিলেন—এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ওই ব্যবসায়ীকে অর্থদণ্ড করা হয় এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
অভিযানের সময় প্রায় ৫০০ লিটার জ্বালানি তেল মজুত অবস্থায় পাওয়া যায়। পরে সেই তেল উপস্থিত ক্রেতাদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়, যাতে সাধারণ মানুষ ন্যায্য দামে পণ্য পেতে পারেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু বলেন, “সরকার নির্ধারিত মূল্যের বাইরে জ্বালানি তেল বিক্রি করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রশাসনের এই পদক্ষেপে বাজারে শৃঙ্খলা ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।