জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেফতারের ঘটনার ক্ষোভ প্রকাশ করেছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বিএনপি সরকারকে ইঙ্গিত করে তিনি লেখেন, হামলা করে আবার ভিক্টিমের বিরুদ্ধেই মামলা দিয়ে জেল খাটানোর সংস্কৃতি ফিরিয়ে আনার জন্য ধন্যবাদ
রবিবার (২৪ মে) রাতে নিজের ফেসবুকে দেওয়া দেওয়া পোস্টে এমন প্রতিক্রিয়া জানান তিনি।
ফেসবুকে আসিফ মাহমুদ লিখেন, কিছুক্ষণ আগেই কল দিয়ে নিজের এরেস্ট হবার সম্ভাবনার কথা জানিয়েছে তারেক। মাত্র দেখলাম তারেক রেজাকে গ্রেফতার করা হয়েছে।
এরা আগে রবিবার সন্ধ্যায় সাড়ে ৬টায় ঝিনাইদহ স্টেডিয়াম সংলগ্ন ফ্যামিলি জোন মিলনায়তনের সামনে থেকে ঝিনাইদহ সদর থানা পুলিশের একটি টিম তারেক রেজাকে গ্রেপ্তার করে।
জানা গেছে, এনসিপি নেতা তারেক রেজা রোববার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের ফ্যামিলি জোন মিলনায়তনে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিলনায়তনের সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তারেক রেজাকে গ্রেপ্তার করে পুলিশ।
সদর থানার ওসি মো. আসাদউজ্জামান বলেন, হামলা, ভাঙচুর, হত্যার হুমকির অভিযোগে গতকাল (শনিবার) এনসিপি নেতা তারেক রেজাসহ কয়েকজনের নামে মামলা হয়েছে। ঝিনাইদহ সদর থানায় দায়ের করা মামলার আসামি তারেক রেজাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারেও অভিযান চলমান আছে।
প্রসঙ্গত, গত ২২ মে শুক্রবার ঝিনাইদহ সফরে আসেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ওই দিন জুমার নামাজ শেষে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে এনসিপির নেতাকর্মীদের হাতাহাতি, মারামারি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
ওই ঘটনায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা বাদি হয়ে ছাত্রদলের স্থানীয় ৮ নেতাকর্মীকে আসামি করে ঝিনাইদহ সদর থানায় মামলা করেন। ওই মামলার জেরে পরদিন দুপুরে তারেক রেজাসহ ২২ জনকে আসামি করে জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি এনামুল কবির মামলা করেন।