১নং বুড়ইল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হামদি বাজারে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যবসায়ী মোঃ উজ্জল হোসেনের ইলেকট্রনিক্সের দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে দোকানের সকল মালামাল ও মূল্যবান সরঞ্জাম ধ্বংস হয়ে প্রায় ১৩ থেকে ১৪ লক্ষ টাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।
দুঃখজনক এ ঘটনার সংবাদ পেয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর খোঁজখবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেন ১নং বুড়ইল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হোসাইন মোহাম্মদ মানিক। তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত উজ্জল হোসেনের সঙ্গে কথা বলেন, ক্ষয়ক্ষতির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং গভীর সমবেদনা প্রকাশ করেন।
পরিদর্শনকালে তিনি বলেন, একটি ব্যবসা প্রতিষ্ঠান একজন মানুষের জীবনের স্বপ্ন, পরিশ্রম ও জীবিকার অবলম্বন। মুহূর্তের মধ্যে সেই স্বপ্ন ধ্বংস হয়ে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং সবার কাছে তার জন্য দোয়া কামনা করেন।
এ সময় স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।