বগুড়ার সোনাতলা উপজেলায় পরিবার-পরিজনের সঙ্গে নদীতে গোসল করতে নেমে পানির স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হওয়া স্কুলছাত্র শ্রী তীর্থ সাহা (১৭)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে।
গত শুক্রবার (৫ জুন) বিকেলে উপজেলার মধুপুর ইউনিয়নের আড়িয়াঘাট এলাকায় বাঙালি নদীতে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত তীর্থ সাহা সোনাতলা নতুন বন্দর এলাকার শ্রী দীপক সাহার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, তীর্থ সাহা তার মা তৃষা সাহা, বোন মেঘা সাহা, কাকিমা লক্ষ্মী কর্মকার, কাকাতো ভাই বিশাল সাহা ও কাকাতো বোন ভূমি সাহাসহ পরিবারের সদস্যদের সঙ্গে আড়িয়াঘাট বাঙালি নদীতে গোসল করতে যান। এ সময় নদীর প্রবল স্রোতে তিনি ভেসে গিয়ে নিখোঁজ হন।
নিখোঁজের পরপরই স্থানীয়রা তাকে খুঁজে বের করার চেষ্টা চালালেও সফল হননি। পরে সোনাতলা ফায়ার সার্ভিস ও রাজশাহীর ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে।
শনিবার (৬ জুন) সকাল ৭টার দিকে আড়িয়াঘাট ব্রিজের নিচে বাঙালি নদী থেকে তীর্থ সাহার মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার পর সোনাতলা থানার এসআই মো. মোবারক হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।