নন্দীগ্রাম এ সড়ক দুর্ঘটনায় জাহিদুল ইসলাম (৪২) নামে এক বাক প্রতিবন্ধী অটোভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকেল আনুমানিক ৪টার দিকে পৌর এলাকার বৈলগ্রাম গ্রামে মো. আইয়ুব আলীর বাড়ির সামনে হাটকড়ই–ওমরপুর আঞ্চলিক পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জাহিদুল ইসলাম তার অটোভ্যান নিয়ে সড়কের পাশে অবস্থান করছিলেন। এ সময় হাটকড়ই বাজারের দিক থেকে আসা চাল বোঝাই একটি দ্রুতগতির ট্রাক ভ্যানটির পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই জাহিদুল ইসলামের মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই ট্রাকচালক গাড়িটি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
খবর পেয়ে স্থানীয় লোকজন নিহতের মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে পৌঁছে দেন। পরে পরিবারের সদস্যরা মরদেহ নিজ বাড়িতে নিয়ে যান।
এ বিষয়ে নন্দীগ্রাম থানা-এর এসআই মোস্তাক হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং দুর্ঘটনার বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।