বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় অবৈধভাবে ডিজেল মজুদ ও অনিয়মের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় লাইসেন্স ছাড়া তেল সংরক্ষণের দায়ে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার চারটি ফিলিং স্টেশন পরিদর্শন করা হয়। এ সময় সংশ্লিষ্ট স্টেশনগুলোর তেল সংরক্ষণ ট্যাংক পরীক্ষা করা হয় এবং অতিরিক্ত মজুদ না রাখা ও সরকার নির্ধারিত মূল্যে তেল বিক্রির বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়।
অভিযান চলাকালে বুড়ইল ইউনিয়নের ভদ্রদিঘী (চারমাথা) বাজারে লাইসেন্সবিহীনভাবে ডিজেল মজুদের বিষয়টি ধরা পড়ে। সেখানে ‘আপন ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানে দুই ব্যারেল ডিজেল অবৈধভাবে সংরক্ষণ করা হচ্ছিল। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক আব্দুর রহমান (৪৮)-কে বাংলাদেশ পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি স্থানীয় ভদ্রদিঘী গ্রামের বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে নন্দীগ্রাম থানা পুলিশ।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং তেল মজুদ ও বিক্রিতে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।