বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে হুমায়রা নামে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) ভোর সাড়ে ৩টার দিকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, নিহত শিশু হুমায়রা বগুড়ার শেরপুর উপজেলার বাসিন্দা। মঙ্গলবার (৩১ মার্চ) হামের উপসর্গ নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হলে সেখানেই তার মৃত্যু ঘটে।
এ বিষয়ে শজিমেক হাসপাতালের উপপরিচালক ও মুখপাত্র ডা. মো. মনজুর-এ-মুর্শেদ শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশুটির শরীরে হামের লক্ষণ ও র্যাশ ছিল।
বর্তমান পরিস্থিতি বিবেচনায় হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে আসা রোগীদের জন্য পৃথক আইসোলেশন বিভাগ চালু করা হয়েছে। বর্তমানে সেখানে একই ধরনের উপসর্গ নিয়ে অন্তত ১০টি শিশু চিকিৎসাধীন রয়েছে।
এদিকে জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে অর্ধশতাধিক রোগী হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছে, যাদের মধ্যে অধিকাংশই শিশু।
হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানায়, এখন পর্যন্ত ১৮ জন শিশুর নমুনা পরীক্ষা করা হলেও কারো শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া যায়নি। তবে মৃত শিশুটির নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি, কারণ তার অভিভাবকরা এতে সম্মতি দেননি।
বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি শিশুদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।