রাঙ্গামাটির দুর্গম এলাকা বাঘাইছড়ি উপজেলা-এ অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা ৭৪ লিটার পেট্রোল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, উপজেলার এমএমসি ব্রিক ফিল্ড সংলগ্ন এলাকায় একটি অসাধু চক্র অধিক লাভের আশায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে পেট্রোল মজুদ করে আসছিল। এ তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর অধিনায়কের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন রিভারঘাট পোস্টের পোস্ট কমান্ডার হাবিলদার মো. আসাদুজ্জামান। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং ফেলে যায় তিনটি প্লাস্টিকের জারিকেন।
পরবর্তীতে তল্লাশি চালিয়ে ওই জারিকেনগুলো থেকে মোট ৭৪ লিটার পেট্রোল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৯ হাজার ২৫০ টাকা।
এ বিষয়ে মারিশ্যা জোনের জোন কমান্ডার জাহিদুল ইসলাম জাহিদ জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, চোরাকারবারীরা প্রতিনিয়ত নতুন কৌশল অবলম্বন করায় গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি টহল জোরদার করা হয়েছে।
তিনি আরও আশ্বস্ত করেন, ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।