মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বুধবার (১ এপ্রিল) সকাল ১০টা থেকে নতুন এ দর কার্যকর হয়েছে।
বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ১৪৯ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ২ হাজার ৬৮২ টাকা বাড়িয়ে ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা করা হয়েছে। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার দাম বৃদ্ধির প্রেক্ষাপটে এই মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।
এর আগে মঙ্গলবার (৩১ মার্চ) ভালো মানের স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা বাড়ানো হয়েছিল। তারও আগে ২৮ মার্চ দু’দফায় ৬ হাজার ৫৯০ টাকা দাম বাড়ানো হয়। ফলে টানা চার দফায় ভালো মানের স্বর্ণের দাম মোট ১৩ হাজার ১২২ টাকা বেড়েছে।
স্বর্ণের বাজারে এমন ধারাবাহিক মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের মধ্যে উদ্বেগ বাড়ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।