দেশে জ্বালানি তেলের দাম মে মাসজুড়ে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের সর্বশেষ নির্ধারিত খুচরা মূল্যই বহাল থাকবে। ফলে আগামী মে মাসজুড়ে ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা, অকটেন ১৪০ টাকা এবং পেট্রোল ১৩৫ টাকায় বিক্রি হবে।
এর আগে গত ১৮ এপ্রিল জারি করা এক বিজ্ঞপ্তিতে এসব জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হয়েছিল। সেই মূল্য কাঠামোই বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, সরবরাহ পরিস্থিতি এবং সার্বিক অর্থনৈতিক বিবেচনা বিশ্লেষণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং ভোক্তাদের ওপর অতিরিক্ত চাপ এড়াতেই সরকার এই অবস্থান নিয়েছে বলে জানা গেছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে এবং ১ মে থেকে তা বহাল থাকবে।
জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার এ সিদ্ধান্তে সাধারণ ভোক্তা ও পরিবহন খাতে কিছুটা স্বস্তি ফিরবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।